শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১২:২৪ পূর্বাহ্ণ আপডেট: ২৯ মে ২০২৪ | ১২:৩০ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

সাম্পান ডেস্ক :

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে ছুরিকাঘাতে মাহমুদুল হক (৩৩) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) বেলা ১টার দিকে মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

নিহত মাহমুদুল হক উপজেলার ছদাহা ইউনিয়নে বদিউল আলমের ছেলে। তিনি পেশায় দিনমজুরি ছিলেন।

নিহতের ভাই মোহাম্মদ এনাম হক বলেন, চায়ের দোকানে নাস্তার বিল নিয়ে বিরোধ হয়েছিল। তাই গতকাল সোমবার আমাদের বাড়িতে ৩০-৪০ জন লোকজন এসেছিল। পরে আমি যোগাযোগ করাতে সেটা সমাধান হয়ে যায়। মঙ্গলবার (আজ) পূর্বপরিকল্পিতভাবে বেলা একটার দিকে মিঠার দোকানে আমার ভাই মাহমুদুল হককে ছুরিকাঘাত করেছে সোহাগ ও সাইফুল। গত কয়েকদিন ধরে সোহাগ ও সাইফুল মিলে আমার ভাইকে মারধর করতে চায়। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল রেখে গেছে সোহাগ ও সাইফুল। আমার ভাই মাহমুদুল হকের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে কোনো পদ-পদবি নেই।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ছুরিকাঘাতে মাহমুদুল হক নামে এক যুবক আহত হয়। সেখানে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, টাকা-পয়সা লেনদেনের বিরোধের জেরে মাহমুদুল হক কে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares