নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জাহেদুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তার আপন দুই ভাই। এসময় ভাই জাহেদুল তাদের সহায়-সম্পত্তি লুটপাট করছেন অভিযোগ করে তাকে ভোট দেয়া থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহবান জানান।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী জাহেদুল হকের আপন দুই ভাই মুহাম্মদ ছাইদুল হক ও মোহাম্মদ নেছারুল হক বক্তব্য রাখেন। এসময় তাদেরকে জাহেদুল হক হুমকি ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ছাইদুল হক ও নেছারুল হক বলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামে ১৯৮২ সালে আমাদের পিতা মরহুম নুরুল হক সওদাগর প্রতিষ্ঠা করেছিলেন আমিনিয়া-ফোরকিয়া নুরিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা ও কমর আলী সওদাগর নামে জামে মসজিদ। ২০১৬ সালে মাদ্রাসাটির ব্যয় ভার বহনের জন্য নগদ সাড়ে সাত কোটি টাকা জমা থাকলেও বর্তমানে সমুদয় টাকা জাহেদুল হকসহ কয়েক জন কুক্ষিগত করে রেখেছেন।
তারা বলেন, যে ব্যক্তি দুই সম্পদ লুট করে খায়, জায়গা সম্পত্তি দখল করে তিনি কিভাবে উপজেলার কয়েক লাখ মানুষের সম্পদ ও জনগণের জানমাল কিভাবে রক্ষা করবেন? কিংবা সরকার দেওয়া সুযোগ সুবিধা ফল কি জনগণ পাবেন? এবিষয় গুলো নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান ও আশংকায় রয়েছি।
তারা আরও বলেন,২৯শে মে অনুষ্ঠেয় বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার জন্য আমাদের পরিবারকে ইতোমধ্যে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে আমরা পারিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
