বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে নিহত দুই কেএনএফ সদস্যের পরিচয় মিলেছে

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ আপডেট: ২৩ মে ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে নিহত দুই কেএনএফ সদস্যের পরিচয় মিলেছে

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে  কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নিহত দুই সদস্যের পরিচয় মিলেছে। তাদের মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৫টায় তাদের মরদেহ মর্গে নিয়ে আসে পুলিশ। নিহত কেএনএফ সদস্যরা হলেন, লাল নু বম (২২)।  সে  বান্দরবান জেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসিন্দা পেন খুপ বমের ছেলে। অপরজন হলেন থাং পুই বম (১৪),  সে একই এলাকার বেথানীপাড়ার বাসিন্দা জার থাং পুই বমের ছেলে ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল ত্রিপুরা বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ দুটি মরদেহ হাসপাতালে নিয়ে এসেছে। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে বুঝিয়ে দেওয়া হবে।

এরআগে, বৃহস্পতিবার (২৩ মে) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে সদর থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। এপর্যন্ত  মোট ৮৬ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৮৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে ২৫ জন নারী রয়েছেন।যৌথ বাহিনীর টহলের ওপর হামলা করতে গিয়ে এপর্যন্ত  কেএনএফের মোট ১৩ জন নিহত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares