বান্দরবান প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের লামা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল। এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক তোফাইল আহমদ।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে মোস্তফা জামাল আনারস প্রতীকে ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রদীপ কান্তি দাশ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহেদ উদ্দিন তালা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৮১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক সুলতানা নাজমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিল্কি রানি দাশ ফুটবল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৯৮ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক তোফাইল আহমদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৩২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৪ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী শাহ জাহান কবির টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আক্তার রুনা কলস প্রতীকে ১০ হাজার ৬১৯ পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৯৫ ভোট।
লামায় ভোটার সংখ্যা হচ্ছে ৮২ হাজার ২১৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৯০৪ এবং নারী ৩৯ হাজার ৩০৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৪১টি ও ভোট কক্ষের সংখ্যা ২২৩টি। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভোটার সংখ্যা হচ্ছে ৪৫ হাজার ২৭৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৭০ এবং নারী ভোটার ২২ হাজার ৫০৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ২৬টি এবং ভোট কক্ষের সংখ্যা ১৩০টি।
