বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ৩:৩০ অপরাহ্ণ আপডেট: ১৯ মে ২০২৪ | ৩:৩০ অপরাহ্ণ
রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে   কেএনএফ’র মুখোমুখি  বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময়  ৩ জন কেএনএফ সদস্য নিহত হয়েছে।
রোববার(১৯ মে) দুপুরে রুমা উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এই ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, বান্দরবানের রুমা উপজেলার রনিন পাড়ার কাছে ডেবাছড়া এলাকায় কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের তিন সদস্য নিহত হয়েছে। ঘটনার পর লাশ উদ্ধারে জন্য পুলিশ সেখানে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন খবর পেয়ে  সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।  সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares