বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘আদবের সাথে ভোট চাইলে নৌকা আবার বিপুল ভোটে জয়ী হবে’

প্রকাশ: ১৪ মে ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৪ মে ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ
‘আদবের সাথে ভোট চাইলে নৌকা আবার বিপুল ভোটে জয়ী হবে’

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন,আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেক না কেন তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।আপনারা মানুষের ঘরে ঘরে যাবেন। আদবের সহিত ভোট চাইবেন।আদবের সহিত ভোট চাইলে নৌকা আবার বিপুল ভোটে জয়ী হবে।

শনিবার (১৪ মে) সকাল ১০টা থেকে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের এ প্রতিনিধি সম্মেলনে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক এসব কথা বলেন।

তিনি বলেন,আমি আমার এলাকায় নয়বার নির্বাচন করছি, সাতবার এমপি হইছি আরও দুইবার হইতাম। হই নাই বিভিন্ন কারণে। তাই আজকে বলতে চাই ভোটে জিতার একমাত্র কৌশল হলো— আমরা সম্মানের সহিত আদবের সহিত মা-বোনের কাছে গিয়ে আমাদের ভোট চাওয়া। আমরা অনেক কাজ করেছি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, যারা গৃহহীন তাদের আমি ঘর দিয়েছি। আজকে সারা বাংলাদেশ আলোকিত হয়েছে কার অবদান? শেখ হাসিনার অবদান। আমি শুধু বলবো আপনাদের মেসেজ দেওয়ার জন্য যে আপনারা প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি গঠন করবেন। আপনারা ছাত্রলীগকে শক্তিশালী করবেন। যেটা আমরা উত্তর জেলায় করি। দক্ষিণ জেলায় শক্তিশালী কমিটি থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি এটা বিশ্বাস করি যে ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী আছে, বঙ্গবন্ধুর কর্মী আছে, সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে পরাজিত করা সম্ভব হবে না। তাই আমার বিশ্বাস আপনারা একমাসের মধ্যে ওয়ার্ড কমিটি, থানা কমিটি ও ইউনিয়ন কমিটি গঠন করবেন।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ড. হাসান মাহমুদ এমপি,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, হুইপ সামশুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল,কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares