নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে নেমে নগরের সরকারি হাজী মহসিন স্কুলের এক ছাত্রের মৃত্যু হয়েছে।মোহাম্মদ জুনায়েদ(১৩) নামে এই কিশোর চট্টগ্রাম শহর থেকে বন্ধুদের দিয়ে চবি ক্যাম্পাসে বেড়াতে এসে এই দূর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রাম কলা ও মানববিদ্যা পেছনে অবস্থিত ঝর্ণায় এই দূর্ঘটনার শিকার হন স্কুল শিক্ষার্থী জোনায়েদ।পরে দীর্ঘ প্রচেষ্টা শেষে রাত ৯ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও প্রক্টরিয়াল বডি ঝর্ণা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
নিহত মো. জুনায়েদ নগরের চকবাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমানের পুত্র।সে হাজী মহসিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিল হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে ১২টার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামে। একপর্যায়ে ১২টার দিকে তারা বুঝতে পারে যে জুনায়েদকে আশপাশে দেখা যাচ্ছে না। এরপর ঝর্ণা ও আশপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও কোনও হদিস না পাওয়ায় তারা শহরে ফিরে যায়।
এরপর বিকালে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে। পরে দুই ঘণ্টা অভিযান চালিয়ে রাত সোয়া ৯টার দিকে জুনায়েদকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অহিদুল আলম বলেন, এক স্কুল ছাত্র বন্ধুদের সাথে শহর থেকে ক্যাম্পাসে ঘুরতে এসে ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হয়।পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে।সর্বশেষ রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
