নিজস্ব প্রতিবেদক
গ্রাহকের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের দুই মামলার একটি মামলায় ডেসটিনি গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।একই মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছর কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এর আগে ২৭ মার্চ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
মামলায় ডেসটিনির সাবেক চেয়ারম্যান হারুন, বর্তমান চেয়ারম্যান হোসেন, এমডি রফিকুল আমীনসহ আসামি ৪৬ জন। তাদের মধ্যে লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, মিসেস জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল জামিনে রয়েছেন। তবে এমডি রফিকুল আমীন ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে কারাগারে আছেন।অন্য ৩৯ আসামি পলাতক।
জানা যায়,অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করেছিলেন।
২০১৪ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মোজাহার আলী সরদার। এতে ডেসটিনির গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ আনা হয়।
এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্ল্যানটেশন লিমিটেডে দুর্নীতির মামলায় ১৯ জনকে আসামি করা হয়। দুই মামলায়ই আসামি হারুন-অর-রশিদ ও রফিকুল আমিন।
