বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

উপজেলা নির্বাচনে বান্দরবান ও আলীকদমে নির্বাচিত হলেন যারা

প্রকাশ: ৮ মে ২০২৪ | ১০:৫৯ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৪ | ১০:৫৯ অপরাহ্ণ
উপজেলা নির্বাচনে বান্দরবান ও আলীকদমে নির্বাচিত হলেন যারা

বান্দরবান প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে)  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ ।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বান্দরবান সদরে আব্দুল কুদ্দুস মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত নেতা।  আব্দুল কুদ্দুসের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত এ কে এম জাহাঙ্গীর আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৬২ ভোট। বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদেও রয়েছেন জাহাঙ্গীর, তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

অন্যদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত জামাল উদ্দিন (দোয়াত কলম)। তিনি ভোট পেয়েছেন নয় হাজার ৪৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম (আনারস) পেয়েছেন সাত হাজার ৪১৫ ভোট। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বান্দরবান সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ফারুক আহমেদ ফাহিম উড়োজাহাজ প্রতিকে ১৩ হাজার ৩২১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহাইনু মারমা প্রজাপতি প্রতিকে ১৭ হাজার ৯০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা উভয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

এছাড়া আলীকদম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে  মোহাম্মদ রিটন ৯ হাজার ৬৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  শিরিন আক্তার ৮ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা উভয়ে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত।

বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দু’জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন। আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বান্দরবান সদর উপজেলায় ৪৫টি কেন্দ্রে ৭১ হাজার ৪৪৪ জন ভোটার রয়েছেন। তার মধ্যে  পুরুষ ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৫শত ৭০ জন এবং নারী ভোটার ৩৩ হাজার ৮৭৪ জন। এছাড়াও স্থায়ী  ভোট কেন্দ্র ৪৫টিসহ মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১৬৯ টি।

এছাড়া আলীকদম উপজেলায় ২১টি কেন্দ্রে ৩২ হাজার ৮০৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৫২১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ২৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৪টি।

সর্বশেষ তথ্য অনুযায়ী ভোটের হার ছিল প্রায় ৩৫ শতাংশ। বান্দরবানের চিম্বুক পাহাড়ের বম সম্প্রদায় অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম।

উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। তাই রুমা, থানচি ও রোয়াংছড়ি তিন উপজেলায় উপজেলা নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। পরে সুবিধাজনক সময়ে এসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।  দ্বিতীয় ধাপে ২১ মে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares