বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলা সদরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিসি বাংলোর বিপরীতে এক মুদি দোকানসহ তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯ টায় আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের চারটি ইউনিট একসঙ্গে কাজ করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
স্থানীয়রা জানায়, রাত নয়টার দিকে হঠাৎ করে চেয়ারম্যান পাড়ার বাসিন্দা লাকি দত্তের দোকানের পেছন দিক থেকে আগুন দেখা যায় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে স্থানীয় জনসাধারণ, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্য, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ শুরু করে। দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগেই একটি মুদি দোকানসহ তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে আক্রান্ত বাড়ির পাশে এনআরবিসি ব্যাংকের বিল্ডিং এবং সনি শো-রুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, প্রাথমিকভাবে বাসাবাড়ি ও দোকানের মালামালসহ ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বান্দরবান পৌরসভার পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
