নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক পানিতে তলিয়ে গেছেন।এরমধ্যে লোকেস বৈদ্য (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা গেলেও আরেকজন এখনো নিখোঁজ আছেন।
বুধবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম হতে কলেজ পড়ুয়া ৬ জন পর্যটক সকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় আসে। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে আসে। নাস্তা করার পর তারা আবার ভাড়া করা নৌকা যোগে ঘটনাস্থলে এসের গোসল করতে নামে।একপর্যায়ে তাদের নৌকা ডুবে যায়।তাদের মধ্যে ৪ জন সাঁতার কেটে উঠতে পারলেও দুইজন নদীর পানিতে তলিয়ে যায়।
জানা যায়,দূর্ঘটনার সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে লেফট্যানেন্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে নৌ বাহিনীর ৮ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ পর্যটককের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে বিকেল ৫ টায় লোকেস বৈদ্য (১৯) নামে একজনের লাশ উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা যায়,লোকেস বৈদ্য বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তার পরিবার সহ সদরঘাটে বসবাস করছেন।তার বাবা মৎস্য অধিদপ্তরে চাকরি করেন। এদিকে এই ঘটনায় সদরঘাট এলাকার অপূর্ব সাহা(১৮) নামে একজন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আছেন।
