বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বান্দরবানের দোপানিছড়াপাড়া থেকে সশস্ত্র সংগঠন কেএনএফ’র ৮ সদস্যকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ১৬ ই বেংগল কর্তৃক দোপানিছড়াপাড়া এলাকায় সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে একটি টহল দল কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের খবরের প্রেক্ষিতে এলাকাটি ঘেরাও করে ফেলে। সেই সময় ৮ জন কেএনএ সন্ত্রাসীকে আটক করে। তাদের সাথে থকা বেশ কয়েকটি অস্ত্র উদ্ধারের তথ্যও জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর টহল দলটি অনুসন্ধান চালিয়ে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ২টি মোবাইল ফোন এবং ২টি আইডি কার্ড উদ্ধার করে।
এদিকে বান্দরবানে সন্দেহভাজন কেএনএফ’র আরও এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সন্দেহভাজন কেএএনএফ সদস্য হলো হাও লিয়ান বম (৬৭)। তিনি বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার বাসিন্দা।
বান্দরবান আদালতের সহকারী উপ পুলিশ পরিদর্শক (জিআরও) বিশ্বজিত সিংহ, কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এপর্যন্ত মোট ৬২ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৬৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে।
