বান্দরবান প্রতিনিধি
১১ টি নৃগোষ্ঠীর অংশগ্রহণে নানান আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে বাঙালির চিরায়ত বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ।
আজ ১৪ এপ্রিল (রবিবার) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন আয়োজন করে “সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা”। শোভাযাত্রাটি জেলাপ্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে পুলিশ সুপার মো. সৈকত শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় নানা সাজে সেজে নারী পুরুষ অংশগ্রহণ করে। সেই সাথে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। পরে টিসিআই মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
