সাম্পান ডেস্ক
বান্দরবানের রুমা,থানচি ও রোয়াংছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট এলাকার পর্যটন স্পটগুলোতে যেকোনো ধরনের পর্যটক নিরুৎসহিত করছে প্রশাসন।
রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলমের ৯ এপ্রিল স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়।
জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে দেওয়া আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
গত ৯ এপ্রিল তাঁর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সন্ত্রাস বিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচিসহ আশপাশের এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ পর্যটন সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া বলা হয়, যৌথ বাহিনী অভিযান পরিচালনা কালে কোন হোটেলে পর্যটকদের রুম ভাড়া দেয়া যাবে না। কোন পর্যটক পথ প্রদর্শকও পর্যটকদের কোন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। কোন পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ-পথেও পর্যটকের কোন পর্যটন কেন্দ্রে না নিয়ে যেতে বলা হয়েছে এই নির্দেশনায়।
শুক্রবার বিকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিয়ে বলেন, জেলার যেসব এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রয়েছে সেসব পর্যটন স্পটগুলোতে সবপ্রকার পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। অন্য এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে কোনো বাধা নেই।
পর্যটকরা নির্বিঘ্নে জেলা সদরসহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারবেন তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে।
উল্লেখ্য যে, রুমা ও থানচিতে ৩ টি ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট হওয়ার পর, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে সাঁড়াশি অভিযান চালমান রয়েছে যৌথ বাহিনীর।
