লামা প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের লামা বাজারে আকস্মিক আগুনে ১০টি দোকান, বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। প্রাথমিক হিসেব মতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ।
মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের পশ্চিম পাশে নদীরঘাট এলাকায় চারুবালা হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
ভুক্তভোগী বিসমিল্লাহ ভাতঘর এর মালিক মহিউদ্দিন জানান, আমরা সবাই ইফতার করছিলাম। চারুবালা হোটেল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে ফোন দিই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাথে ব্যবসায়ী, সাধারণ জনতা, পুলিশ, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সদস্যরা আগুন নেভাতে অংশ নেয়।
লামা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ বলেন, কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট বা চুলার আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আমাদের তিনটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত এখনো নির্ণয় করা যায়নি।
