প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪ | ৩:৩২ পূর্বাহ্ণ আপডেট: ৮ এপ্রিল ২০২৪ | ৩:৩২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের ধরতে তাদের বিভিন্ন আস্তানায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরমধ্যে সংগঠনটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে(৫৫) গ্রেপ্তার করা হয়।
রোববার ( ৭ এপ্রিল) ভোরে তাকে বান্দরবানের বাসা থেকে গ্রেফতার করা হয়।তিনি কেএনএফ প্রধান নাথান বমের নিকটাত্মীয়।
সকালে বান্দরবানে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েক জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেন, ‘আপনারা হয়ত জেনেছেন গতকাল রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে।’
সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই চেওশিম বমকে গ্রেপ্তারের তথ্য জানালো র্যাব। তাকে গ্রেপ্তারের বিষয়ে বিকেল ৩টায় বান্দরবান র্যাব কার্যালয়ে ব্রিফিং ডেকেছে সংস্থাটি।
জানা যায়,চেওসিম বম বান্দরবান জেলায় কেএনএফ এর সমন্বয়কারী। তার সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।
