বান্দরবান প্রতিনিধি
সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তিনটি ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার সকালে বান্দরবানের রুমায় পৌঁছে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড় শান্তিপ্রিয় এলাকা। এখানে শান্তির সুবাতাস বইত। এখানে কোনো অশান্তি হোক তা চাই না।
মন্ত্রী বলেন, যে ঘটনাই ঘটুক, তদন্ত করে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। পার্বত্যাঞ্চলকে অশান্ত করতে দেওয়া হবে না। হামলার ঘটনায় কারো গাফিলতি আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মন্ত্রী বান্দরবানের রুমা, থানছি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। সেই সাথে তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ শনিবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় সভ অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ৩ দিনে একের পর এক হামলা, ব্যাংক লুট, অপহরণ, গোলাগুলি ও অস্ত্র লুটের ঘটনার পর, কেএনএফ’র বিরুদ্ধে সেনাবাহিনীকে সাথে নিয়ে আজ থেকেই সমন্বিত অভিযান শুরুর কথা রয়েছে।
