আমিনুল ইসলাম খন্দকার, বিশেষ প্রতিনিধি
বান্দরবান জেলার থানচি থানা লক্ষ্য করে গুলির পর এবার আলীকদমের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান।
তিনি বলেন, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসে, তখন দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা থানচি থানা লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।
রাত ১০টার দিকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গোলাগুলি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, সন্ত্রাসীরা থানার আশপাশে রয়েছে। এ জন্য আমরা সতর্ক অবস্থায় রয়েছি।
