প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪ | ৪:২২ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২৪ | ৪:২৩ অপরাহ্ণ
আমিনুল ইসলাম খন্দকার, বিশেষ প্রতিনিধি
নিরাপত্তা জনিত কারণে বান্দরবানের সকল ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে ব্যাংকগুলো লেনদেন স্থগিত করে দেয়।
বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করেছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন।
আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। সেই সময় থানচি বাজারে স্থানীয় পত্যক্ষদর্শী বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ।
বান্দরবান শাখার সোনালী ব্যাংকের এজিএম মো. ওসমান গণি জানান, কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত দুপুর সোয়া ১২টার দিকে পুরো থানচি বাজার ঘিরে ফেলে এবং ব্যাংকের সামনে এসে গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে চলে যায়।
