নিজস্ব প্রতিবেদক
ঋণখেলাপের দায়ে যমুনা ব্যাংকের দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির স্ত্রী সানোয়ারা বেগমের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সানোয়ারা বেগমের তিন প্রতিষ্ঠানের কাছে বেসরকারি এই ব্যাংকের পাওনা প্রায় ১০০ কোটি টাকা।
ঋণখেলাপি হওয়ায় যমুনা ব্যাংকের দায়ের করা তিন মামলায় সানোয়ারা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।প্রতিষ্ঠান তিনটির চেয়ারম্যান সানোয়ারা বেগম।
আদালত সূত্রে জানা যায়,যমুনা ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় সানোয়ারা বেগমের তিন প্রতিষ্ঠান ইউনিপ্যাক সানোয়ারা, সানোয়ারা ডেইরি ফুডস ও সানোয়ারা ডেইরি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নামে ঋণপত্র (এলসি) খোলা হয়। সে অনুযায়ী বিদেশ থেকে দেশে পণ্য এলেও প্রতিষ্ঠানগুলো আর ঋণপত্রের দায় শোধ করেনি। ফলে ঋণপত্রের ঋণ ফোর্সড ঋণে পরিণত হয়। পরে তিন প্রতিষ্ঠানই খেলাপি হয়ে পড়ে।
জানা যায়, ব্যাংক থেকে দফায় দফায় যোগাযোগের পরও প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ করা হয়নি। এ জন্য ব্যাংক আদালতের আশ্রয় নেয়। প্রতিষ্ঠান তিনটির কাছে সুদ ছাড়া ব্যাংকের পাওনা ৩২ কোটি টাকা। সুদসহ পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি।
