সাম্পান ডেস্ক
ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে উঠা ২টি করাতকলে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১ মার্চ) ভূজপুর দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় ওই করাত কল গুলোতে অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দীন।
জানা গেছে, সংরক্ষিত বনবিভাগের সীমানা এলাকায় করাত কল স্থাপন করায় করেরহাট রেঞ্জের অভিযোগের প্রেক্ষিতে লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হয়। এ সময় প্রায় ৩ হাজার ৫শত ঘনফুট গোল ও চেরাই কাঠ জব্দ করে। এতে সহযোগিতা করেন বন বিভাগ, ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন বলেন, লাইসেন্সবিহীন ২টি অবৈধ করাতকল বন্ধ করে দিয়েছি। জব্দকৃত কাঠ নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে রেঞ্জ অফিসারকে নির্দেশ দিয়েছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
