সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ির ত্রাস তিনটি হত্যাসহ একাধিক মামলার আসামী ও বনখেকোঁ জাহাঙ্গীর আলম প্রকাশ নাক কাটা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভুজপুর থানা পুলিশ। ভুজপুর থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে তাকে গ্রেফতার করা হয়েছে।
জাহাঙ্গীর এর আগেও পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে জামিনে এসে এলাকায় আবারো নানা অপকর্ম চালিয়ে আসছিল।
স্থানীয় একাধিক সুত্র জানায়, রত্নপুরে কুমিল্লার রতন ড্রাইভার হত্যা,দাঁতমারা বিট কর্মকর্তা সুনীল বাবু এবং বড়ই তলী এলাকায় বাদশা হত্যাসহ বহু মামলার আসামী জাহাঙ্গীর। এ ছাড়া দাঁতমারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটা ও বিট কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগেও মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এলাকায় বনখেকোঁ হিসেবে পরিচিত জাহাঙ্গীর সিন্ডিকেট করে দাঁতমারা বনবিটের ফকিরটিলা, মোহাম্মদ পুর এলাকার বনভুমি কেটে উজাড় করেছে রাতে দিনে।
সম্প্রতি সরকারি বাগানের গাছ কেটে শান্তির হাট এলাকায় মন্নানের করাতকলে নিয়ে আসে। খবর পেয়ে গাছ গুলো জব্দ করতে গেলে বিট কর্মকর্তা আবদুর রহিমের উপর চড়াও হয় জাহাঙ্গীর। এক পর্যায়ে বিট কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় বিট কর্মকর্তা ভুজপুর থানায় জিডি করেন।সুত্র জানায়, ইয়াবা পাচার, তক্কক ব্যবসা, সরকারী সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করাই ছিল তার মুল কাজ।
রাজনৈতিক ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত হলেও বর্তমান ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার সাথে হাত মিলিয়ে এসব কার্যকলাপ চালাচ্ছিল রত্নপুর গ্রামের লাতু মিয়ার ছেলে জাহাঙ্গীর। তার গ্রেফতারে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
