নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে এক মুদি দোকানে অভিযান চালিয়ে মজুদ করা ১৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এই সময় দোকানেট মালিক মো. সিরাজকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদ আনিছুর রহমান বলেন, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের মালিক মো. সিরাজ নিজের দোকানের পাশাপাশি আরো দুটি গুদামে তেল মজুদ করে রেখেছিলেন। ভোজ্যতেল মজুদ করায় তাকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি জব্দকরা তেলগুলো সরকার নির্ধারিত দামে বিক্রি করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, এর আগের দিন রোববার (৮ মে) নগরের কর্ণফুলী মার্কেটের অভিযান চালিয়ে ১ হাজার ৫০ লিটারের বেশি মজুদ করা তেল উদ্ধার করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় খাজা স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
