বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম বিভাগে ৩ জেলায় সর্বোচ্চ তাপপ্রবাহ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রাম বিভাগে ৩ জেলায় সর্বোচ্চ তাপপ্রবাহ

সাম্পান ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে শনিবার (১৬ মার্চ) থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (১৭ মার্চ) এ অবস্থা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজারে শনিবার দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৭ ও চট্টগ্রামে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার এ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মার্চ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সেখানে সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, মাত্র একটি স্টেশন বাদে সব স্টেশনে তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে বেশি আছে।

তবে, দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৮ মার্চ) সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৯ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সপ্তাহের শেষ দিকেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক আজ বলেন, আজ তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে। অর্থাৎ আরও একাধিক জেলায় আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকতে পারে। এরপর বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমে আসবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares