প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ৫:০০ অপরাহ্ণ আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ৫:০০ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) রাত ২টায় উপজেলার বড়দারোগাহাট কমরআলী রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. খোকন (২৮), মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), মো. সুমন মিয়া (৩৩), মো. রাসেল হোসেন (৩৩) ও মনসুর আলম (৩৬) । এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আটক মো. খোকন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে, মো. মোস্তফা প্রকাশ চৌধুরী একই এলাকার জামাল মিয়ার ছেলে, মো. সুমন মিয়া চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে, মো. রাসেল হোসেন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে ও মনসুর আলম কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো. মোস্তফার ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। আটকের ঘটনায় থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
