নিজস্ব প্রতিবেদক
ভারত মহাসাগরে জলদস্যুদেরর কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ।দস্যুরা জাহাজে থাকা ২৩ জন নাবিককে জিম্মি করে রেখেছে।চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ কবির ষ্টীলসের অঙ্গপ্রতিষ্ঠান এস আর শিপিংয়ের মালিকানাধীন এই জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় কবির স্টিলস এর মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জাহাজটি একটি কার্গো ভ্যাসেল।গত ৪ মার্চ এটি কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দেয়।এরমধ্যে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাব্বির নামে জাহাজের এক নাবিকের হোয়াটসঅ্যাপ থেকে এস আর শিপিং কর্তৃপক্ষের কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়।
সেই ক্ষুদে বার্তায় জাহাজ দস্যুদের কবলে পড়েছে বলে সাহায্য চাওয়া হয়।তবে কর্তৃপক্ষ তাদের সাথে আর যোগাযোগ করতে পারেনি।
এসআর শিপিংয়ের সিইও মোহাম্মদ মেহেরুল করিম বলেন, আজ( মঙ্গলবার) দুপুরে জাহাজ ডাকাতের কবলে পড়ার বিষয়টি জানানো হয়।আমাদের ২৩ জন নাবিক আটকা পড়েছে।তারা কী অবস্থায় আছে তা এখনও বলতে পারছি না।
প্রসঙ্গত ২০১০ সালের ‘জাহান মণি’ নামে একটি বাংলাদেশি জাহাজ আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল।দস্যুরা জাহাজের ২৫ জন নাবিকসহ মোট ২৬ জনকে জিম্মি করে।প্রায় ৩ মাস পর তারা দস্যুদের হাত থেকে মুক্তি পান।
