সাম্পান ডেস্ক
গত শুক্রবার আনন্দঘন মুহূর্তে তার আকদ হয়েছিল। তার দুদিন পর রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রায়হান উদ্দিন নওশাদ (৩০)নামে ওই যুবক।
রায়হানের অকাল মৃত্যুতে তার পরিবার পরিজন ও বন্ধুমহলে নেমেছে শোকের ছায়া।রায়হান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী।নিহত রায়হানের বাড়ী হাটহাজারীতে।
সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ‘আমার এখনো হাতে মেহেদিও লাগানো হয় নি, আমার জামাই কই!”-এভাবেই সদ্য বিবাহিত তার বধূ সানজিদা সূচীর আহাজারিতে ভারি হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আকাশ-বাতাস।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রায়হান নওশাত নগরীর কাটগড় এলাকার এসএপিএল কনটেইনার ডিপোতে চাকরি করতেন। আরেক সহকর্মীকে নিয়ে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন দু’জনে। ঘটনাস্থলেই মারা যান নওশাত। অন্যজনও গুরুতর আহত হয়েছেন।
রায়হানের বন্ধু রেইমন সাখাওয়াত জানান, গত শুক্রবার তার আকদ হয়েছিল। তার দুদিন পর আজ রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নওশাদ। তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
