সাম্পান ডেস্ক
চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় ওই কারখানা থেকে ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং নিম্নমানের ভুষি মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ করে ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নগরের মিয়াখান নগর ব্রিজের পাশে ওই কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।অভিযানের ভেজাল মসলা তৈরির দ্রব্য গুলো ধ্বংস করেন তিনি।অভিযানে সাথে ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক।
এসময় কারাখানার মূল মালিক বাচ্চু মিয়া সহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়।মূলত এগুলো ব্যবহার করে ঐ কারখানায় হলুদের গুড়া এবং মরিচ গুড়া তৈরি করা হচ্ছিল। পরে অভিযুক্ত বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছর বিনাশ্রম কারাদণ্ডসহ জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। “
