বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ১১:২৫ অপরাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ১১:২৬ অপরাহ্ণ
কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ভিত্তিক
৫ টি সংগঠন। পরিবেশবাদী এই সংগঠনগুলো হলো চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ ফোরাম, গ্রামীণ পরিবেশ ও কৃষ্টি উন্নয়ন সমাজ সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও ইউনাইডেট সোশ্যাল নেটওয়ার্ক।

রোববার (২৪ এপ্রিল) সকালে চাক্তাই খালের মোহনাস্থ কর্ণফুলী নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে কর্ণফুলী বিশেষজ্ঞ প্রফেসর ড. ইদ্রিচ আলী, চট্টগ্রাম প্রেসক্লাব সেক্রেটারি চৌধুরী ফরিদ,পরিবেশ ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ, যুগ্ম সাধারণ অধ্যাপক মনোজ কুমার দেব, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য মনির উদ্দিন, শ্যামল বিশ্বাস, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি খননের নামে বন্দর লুকোচুরি খেলা খেলছে। কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে যা করা হচ্ছে তা রীতিমতো ছেলেখেলা। ক্যাপিটাল ড্রেজিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে আমরা দেখছি কর্ণফুলী নদীর মাঝখানে জেগে ওঠা চরে কুকুর মরা মাছ এবং কাঁকড়া খেয়ে বেড়াচ্ছে। এই অবস্থা কিছুতেই চলতে দেওয়া যায় না।

তারা বলেন, বন্দর ও জেলা প্রশাসনের লুকোচুরি খেলার কারণেই মরতে বসেছে কর্ণফুলী। এই নদীর প্রায় ২৫০ মিটার দখল করে গড়ে উঠেছে অবৈধ মাছ বাজার ও বরফ কল। বন্দর ক্যাপিটার ড্রেজিং করা সত্ত্বেও চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের চলমান কর্ণফুলী গভীরতা পরিমাপ জরিপে দেখা গেছে মাছ বাজার থেকে আরও প্রায় ৩০০ মিটার দক্ষিণে অর্থাৎ কর্ণফুলী নদীর মাঝ বরাবর প্রায় তিন কিলোমিটার ব্যাপী বিরাট চর জেগে উঠেছে। যে কারণে এই স্থানে নদীর চলমান ধারা ৩০০ থেকে ৩৫০ মিটার মাত্র। কিন্তু ২০১৪ সালের এশিয়া উন্নয়ন ব্যাংক ও বন্দর কর্তৃপক্ষ পরিচালিত কর্ণফুলী রক্ষায় পরিচালিত স্ট্রেটেজিক মাস্টার প্লানে নদীর প্রসস্থতা ছিল ৯৩৫ মিটার প্রায়।

বক্তারা বলেন, ফিরিঙ্গিবাজার ফেরি ঘাট থেকে শাহ আমানত সেতুর ওপরে শিকলবাহা খালের মোহনা পর্যন্ত কর্ণফুলী খনন করতে ২০১৮ সালের মে মাসে ২৫৮ কোটি টাকায় নৌবাহিনীর সঙ্গে বন্দরের চুক্তি হয়। নৌবাহিনীর মাধ্যমে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ারটেকের সিস্টার কনসার্ন ই-ইঞ্জিনিয়ারিং প্রকল্পটির কাজ করছে। ২০২১ সালে এই প্রকল্পের ব্যয় ২৫৮ কোটি টাকা থেকে ৬৩ কোটি টাকা বেড়ে ৩২১ কোটি টাকা চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হবে। বন্দর কর্তৃপক্ষ ড্রেজিং শেষ করার কথা বলছে অন্যদিকে বন্দর নিজেই নদীর অংশ দখল করে তা ভরাট করে মাছ বাজার গড়ে তুলেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares