নিজস্ব প্রতিবেদক
প্রতিবছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতার পার্টির আয়োজন করে।তবে এ বছর ইফতার পার্টি আয়োজন করার কথা থাকলেও সেটি না করে ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত টাকায় ২,৫০০জন দুঃস্থ, অসহায়, ছিন্নমূল মানুষকে তাদের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
গণমাধ্যমকে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজন করছে ইফতার পার্টির। এসকল ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থব্যয় হচ্ছে। এই ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভবপরিহার করে এই অর্থ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা উচিত।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিবছর ইফতার পার্টির আয়োজন করে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর এই আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর আয়োজন করার কথা ছিল। কিন্তু আমরা চেয়েছি গরীব, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় মানুষকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার জন্য। এ বছর ইফতার পার্টি আয়োজনের জন্য যে বাজেট ছিল তা দিয়ে অসহায় প্রায় ২,৫০০ মানুষকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হবে
তিনি বলেন, আগামী ২৯ এপ্রিল চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে আমরা এ ঈদ উপহার সামগ্রী গরীব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করবো।
