বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় ভাই – ভাবীর হাতে যেভাবে খুন হয় প্রবাসী

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ২:৪১ অপরাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ২:৪৮ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় ভাই – ভাবীর হাতে যেভাবে খুন হয় প্রবাসী

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার প্রবাসী জানে আলম। দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন কষ্টার্জিত টাকা পাঠাতেন বড় ভাই খোরশেদের কাছে।পরবর্তীতে দেশে ফিরে আসার পর তার বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন বড় ভাই খোরশেদ ।এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে জানে আলম আলাদা বাড়ি করে বসবাস শুরু করেন।এরমধ্যে গত ৯ এপ্রিল তর্কাতর্কির এক পর্যায়ে তাকে হত্যা করে খোরশেদ ও তার স্ত্রী।

জানা যায়,গত ৯ এপ্রিল বিকেল ৫টায় বসতবাড়ির সীমানা পিলার নির্ধারণ নিয়ে ছোট ভাই জানে আলম ও বড় ভাই খোরশেদ আলমের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে খোরশেদ ও তার স্ত্রী খালেদা লোহার শাবল দিয়ে জানে আলমের মাথায় আঘাত করে। আঘাত পেয়ে জানে আলম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে খোরশেদ লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করেন। এসময় জানে আলমের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় জানে আলমের মৃত্যু হয়।

এইদিকে এই ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।মামলার ভিত্তিতে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় ভুজপুর থানাধীন শান্তিরহাট ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম ও তার স্ত্রী খালেদা বেগমকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আজ রবিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভুজপুর থানাধীন শান্তিরহাট ছোট বেতুয়া এলাকা থেকে খোরশেদ আলম (৪৫) ও তার স্ত্রী খালেদা বেগম শামীমকে (৪০) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খোরশেদ জানান, প্রবাস থেকে পাঠানো টাকা নিয়ে ছোট ভাই জানে আলমের সাথে তার বিরোধ ছিলো।সর্বশেষ বাড়ির সীমানা প্রাচীর নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares