দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আটকের নয় দিন পর কারাগার থেকে বের হয়ে মোটর শোভাযাত্রাযোগে গণ সংববর্ধিত হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁরমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম।
উচ্চ আদালতে জামিন আবেদন মঞ্জুর হলে বুধবার বিকেলে নগরীর বাসায় ফেরেন তিনি। এরপর বৃহস্পতিবার দুপুরে নিজের এলাকায় আগমনের খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ছুটে যান উপজেলা সদর বিবিরহাটে। সেখান থেকে শতাধিক মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রার মাধ্যমে জানে আলমকে বরণ করে নেয় তারা। মোটর শোভাযাত্রাটি ফটিকছড়ি-রামগড় সড়কে মিছিল করে দাঁতমারা ইউনিয়ন পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে কারামুক্ত জানে আলম বলেন, “দাঁতমারার মানুষ গণ সংবর্ধনা দিয়ে আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমি মৃত্যু পর্যন্ত মনে রাখবো। আজকে আপনারা যারা আমাকে বরণ করতে এসেছেন সবাই আওয়ামীলীগের না। এখানে দলমত ও জাতি ধর্ম নির্বিশেষে সকল জনতার ভালোবাসার প্রতিফলন হয়েছে। ষড়যন্ত্রকারীরা আমাকে জেলে পাঠিয়ে দাঁতমারার উন্নয়ন কাজ থামিয়ে দিতে চেয়েছিলো কিন্তু আমি জেলে বসেও আপনাদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেছি। আসার সময়ও ফোনে ব্রীজের কাজের কথা বলতেছিলাম।”
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সরকারী কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলা দায়ের করেন কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম। মামলার আসামিরা হলেন- দাঁতমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম, ফটিকছড়ির কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ, ক্যাশিয়ার আবুল কাশেম ও তৎকালীন ট্যাগ অফিসার প্রণবেশ মহাজন।১২ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুঁইয়া মামলার শুনানী শেষে গ্রেফতারের আদেশ দেন।
