সাম্পান ডেস্ক
মনোনয়ন বাতিলের পর নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীতা ফেরত পেয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালেব। তিনি আজ (রোববার) সকালে প্রার্থীতা বৈধতা ঘোষণার পর বিকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় এম এ মোতালেব তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির ঝান্ডা নিয়ে পথে-প্রান্তরে ছুটে চলেছি। দলীয় প্রতীক না পেলেও দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে উৎসব মুখর পরিবেশে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
এম এ মোতালেব আরও বলেন, আওয়ামীলীগ হচ্ছে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত একটি দল। এ দল ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। আরো অনেক কাজ বাকী রয়েছে। এ কাজগুলো সম্পন্ন করতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নাই। আশা করি এরই প্রতিফলন ঘটাতে আগামী ৭ জানুয়ারী জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন।
এ সময় মোতালেবের সাথে ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ছালেহ, ব্যবসায়ী সামশুল ইসলাম, ছাত্রনেতা মো. দিনার, মো. রিয়াদ ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয়।
