সাম্পান ডেস্ক
নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা প্রথম মামলায় চট্টগ্রামে মো. আইয়ুব (৬২) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ বেগম নাজমুন নাহার তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
মো. আইয়ুব লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের মৃত আবদুল কুদ্দুছের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসাইন আজাদ।
আদালত সূত্র জানায়, গত ৫ নভেম্বর লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের বাসিন্দা ও স্কুল শিক্ষক মোহাম্মদ আনিছ ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (আমলী আদালত) মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ওসিকে দরখাস্ত এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে রুজু করার আদেশ দেন। ৭ নভেম্বর লোহাগাড়া থানার ওসি মামলাটি গ্রহণ করে।
বৃহস্পতিবার মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মো. আইয়ুব আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত দুপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসাইন আজাদ জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি মো. আইয়ুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এটি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর অধীন প্রথম মামলা।
