আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের হামাস শাসিত গাজা উপত্যকাই বর্বর ইসরায়েলীর বিমান হামলা ও বোমাবর্ষণে নিহতে সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে এই খবর জানায় আল জাজিরা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় পালটা হামলা শুরু করে। সেই থেকে বোমাবর্ষণ চলমান গাজায়। তখন থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের সহিংসতাও বাড়তে থাকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত ৭ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১৩ শিশু নিহত হয়েছে, নারী ও বয়স্কদের নিহতের সংখ্যা যথাক্রমে এক হাজার ৭০৯ ও ৩৯৭ জন।
অন্যদিকে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরেও ইসরায়েলিদের হামলায় নিহত ১০০ ছাড়িয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের উপর সহিংসতা বেড়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজায় হামাসের প্রতিবেদনে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত নিরপরাধদের হত্যা করা হয়েছে এবং এটি যুদ্ধের মূল্য।
গাজায় শিশুদের হতাহতের ঘটনা বাড়তে থাকায় নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার আঞ্চলিক পরিচালক আদেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সবার বিবেকের ওপর ক্রমবর্ধমান কলঙ্ক।
তিনি বলেন, আরও ভয়াবহ বিষয় হলো, যদি উত্তেজনা না কমে এবং খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং জ্বালানিসহ মানবিক সহায়তার অনুমতি না দেওয়া হয়, তাহলে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে।
