বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সরকার অন্যায়ভাবে নিরীহ আলেমদের কারাগারে বন্দি রেখেছে: হেফাজত আমীর

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ৩:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ৭:১০ অপরাহ্ণ
সরকার অন্যায়ভাবে নিরীহ আলেমদের কারাগারে বন্দি রেখেছে: হেফাজত আমীর

সাম্পান ডেস্ক

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর বলেছেন , ‘দীর্ঘ প্রায় তিন বছর ধরে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে বন্দি আছেন মাওলানা মামুনুল হক, মুফতি মুনীর হোসাইন কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি মাহমুদ গুনবী ও মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ আরও অনেক আলেম। তাদের এত দীর্ঘ সময় অন্যায়ভাবে সরকার বন্দি করে রেখেছে। আদালত থেকে জামিন পাওয়ার পরও তারা মুক্তি পাচ্ছেন না। নতুন মামলা দিয়ে আটক করে রাখা হচ্ছে। কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদরাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে। জুমার খুতবা ও ওয়াজ-মাহফিল নিয়ন্ত্রণে বারবার চেষ্টা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে।’

বুধবার (২৫ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হেফাজতে ইসলামের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি  এসব কথা বলেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এ দেশে মুসলমানদের ঈমান-আক্বিদা ও ইসলামী তাহজীব-তমদ্দুন সংরক্ষণের উদ্দেশ্যে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর হাত ধরে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাকেন্দ্রিক কোনও ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ এ সংগঠনের নেই, যা আগেও বহুবার আমরা পরিষ্কার করে বলেছি। আমাদের কাজ হলো, সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সব নাগরিকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো। আমরা কখনও সহিংসতায় বিশ্বাসী নই। সব সময় আমরা সাংবিধানিক অধিকারের জায়গা থেকে নাগরিক ভাষায় জোরালো প্রতিবাদ করেছি এবং বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছি।’

তিনি আরও  বলেন, ‘ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। ইসরায়েল সরকার ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় আমরা বাকরুদ্ধ। আমরা এই বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর নিন্দা এবং হতাহত মজলুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পশ্চিমাদের প্রত্যক্ষ সমর্থনে গাজাবাসীর ওপর ইসরায়েল ইতিহাসের নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে। তাই নিরীহ ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

হেফাজতে ইসলামের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে অন্যান্যের মধ্যে  হেফাজত ইসলামের মহাসচিব সাজিদুর রহমান,হেফাজতের নায়েবে আমির মাহফুজুল হক,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী,হেফাজতের নায়েবে আমির আহমদ আব্দুল কাদের, হেফাজতের সহকারি মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares