বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হামুনের তাণ্ডব কক্সবাজারে : নিহত ২

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ৯:৫৮ পূর্বাহ্ণ
হামুনের তাণ্ডব কক্সবাজারে : নিহত ২

সাম্পান ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে গাছপালা ও ঘরবাড়ি।

শহরের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ির দেয়াল চাপায় আব্দুল খালেক নামে একজন ব্যবসায়ী এবং মহেশখালীতে গাছ চাপায় অন্য আরেকজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেয়াল চাপা ও গাছ পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর পরই কক্সবাজার উপকূলে আঘাত হানে হামুন। এরপর একটানা রাত সাড়ে ৯টা পর্যন্ত কক্সবাজার উপকূল ও এর আশপাশের অঞ্চল দিয়ে ব্যাপক ঝড়ো হাওয়া বয়ে যায়।

ঝড়ো হাওয়া আর বাতাসের তীব্র আঘাতে কক্সবাজার শহর ও উপকূল এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। কক্সবাজার শহরের প্রধান সড়ক জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ অনেক এলাকায় ঝড়ের আঘাতে গাছ উপড়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে রাত ৮টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো কক্সবাজার শহর।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘুর্ণিঝড় হামুনে সৃষ্ট ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জেলায় কাচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজার শহরের সমিতি পাড়া কুতুবদিয়া পাড়াসহ জেলার উপকূল এলাকায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares