নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মাদ মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নামের একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। বিএনপির সাবেক একজন মন্ত্রীসহ বিভিন্ন সময়ে দলছুট অনেক নেতাকর্মী নাজিমের এই দলে যোগ দেবেন বলে জানানো হয়েছে।এদের অধিকাংশই চট্টগ্রামের বাসিন্দা।
আজ রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির ঘোষণা দেয়া হবে।
জানা যায়, বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে কোণঠাসা ভিপি নাজিম উদ্দিন এই নতুন দলের উদ্যোক্তা। তিনি এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন।আর মহাসচিব হবেন সাকসুর জিএস আজিম উদ্দিন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাবেক নেতার নেতৃত্বে গঠিত হওয়া দলটি নিয়ে এরই মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।
এই বিষয়ে ভিপি নাজিম উদ্দিন বলেন, কলেজ জীবন থেকে আমার রাজনীতি শুরু। আওয়ামী লীগের রাজনীতি করে চাকসুর ভিপি হয়েছি। পরে আবার বিএনপির রাজনীতি করেছি। খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। কিন্তু মূল্যায়ন পাইনি। কতদিন এভাবে বসে থাকব। তাই নতুন দল গঠনের চিন্তা করেছি।
তিনি আরও বলেন, নতুন দলের মূলনীতি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সংবিধান সমুন্নত রাখা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ন রাখা এবং বাঙালি জাতীয়তাবাদ।
প্রসঙ্গত, ১৯৯০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজয়ী হন। পরে নাজিম উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি ছিলেন।আর হাটহাজারী থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন ফেনীর দাগনভূঞার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কানাডায় ছিলেন।
