বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লুকিয়ে সিঙ্গাপুর যেতে ধরা খেলো লিটন!

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩ | ৯:৩২ অপরাহ্ণ আপডেট: ৬ অক্টোবর ২০২৩ | ৯:৩২ অপরাহ্ণ
লুকিয়ে সিঙ্গাপুর যেতে ধরা খেলো লিটন!

সাম্পান ডেস্ক

লুকিয়ে  সিঙ্গাপুর যেতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে উঠে পড়েন মো. লিটন মোল্যা (২৩) নামের এক ট্রাক চালক। পরে জাহাজের কর্মীদের কাছে ধরা পড়ার পর লিটনকে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। এ ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতার লিটন মোল্যা মাগুরা জেলার শ্রীপুর থানার ইছাপুর গ্রামের মোল্যাবাড়ির মো. ফারুক মোল্যার ছেলে।

লিটন মোল্যা পুলিশকে জানিয়েছেন, জীবিকার সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে কনটেইনারে ঢুকে সিঙ্গাপুরে যেতে চেয়েছিলেন।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ লিটনকে মহানগর হাকিম আদালতে হাজির করে। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছেন, লিটন পেশায় একজন ট্রাকচালক। বন্দরে প্রবেশের বৈধ পাস নিয়ে গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে সিসিটি-২ গেট দিয়ে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন ট্রাকচালক লিটন মোল্যা। এরপর ওইদিন রাত সাড়ে ১১টার দিকে জাহাজের পেছনের রেলিং বেয়ে সিঙ্গাপুরগামী এমভি হাইয়ান ভিউ জাহাজে উঠে পড়েন। মূলত খালি কনটেইনারের ভেতরে প্রবেশ করে সিঙ্গাপুর চলে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। এরমধ্যে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। পরে পিপাসা ও ক্ষুধায় কনটেইনার থেকে বেরিয়ে আসলে জাহাজের ক্রুদের কাছে ধরা পড়েন। এরপর তাকে জাহাজের ক্যাপ্টেন নিজের জিম্মায় রাখেন। জাহাজটি সিঙ্গাপুর বন্দরে গিয়ে পুনরায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসে।

গত বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় জাহাজটি পুনরায় চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ এ বার্থিং করে। এরপর জাহাজের মাস্টার লিটনকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে সোপর্দ করেন। এরপর বৃহস্পতিবার দিনগত রাতে লিটন মোল্যাকে থানায় সোপর্দ করে বন্দর কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পাসপোর্টবিহীন বহির্গমন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares