সাম্পান ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পরিচিতি এনে দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব আল হাসান। এ সময় সাকিবের সঙ্গে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তানও ছিল। ইউএস অ্যাম্বাসিতে মূলত সৌজন্য সাক্ষাতের জন্যই সপরিবারে গিয়েছিলেন সাকিব।
আলোচিত এই কূটনৈতিকের সঙ্গে দেশের সেরা এই ক্রিকেট তারকা এদিন ক্রিকেটও খেলেছেন। ব্যাট হাতে সাকিব মার্কিন রাষ্ট্রদূতের ছুঁড়ে দেয়া বল সামলাচ্ছিলেন। খেলাটা যে মার্কিন রাষ্ট্রদূত উপভোগ করছিলেন তা বোঝাই যাচ্ছিল। হাসিমুখে সাকিবের ব্যাটিং উপভোগ করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূতকে সাকিবও দিয়েছেন সৌজন্য উপহার। নিজ হাতে টাইগারদের ক্রিকেট জার্সি পিটার হাসের হাতে তুলে দেন সাকিব। সাক্ষাতের পর তার সঙ্গে সপরিবারে ছবিও তোলেন সাকিব। 
