বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লালখান বাজারে  অফিস কর্মীকে হত্যার দায়ে বাবুর্চির যাবজ্জীবন দিল আদালত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ৩:০১ অপরাহ্ণ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ৩:০১ অপরাহ্ণ
লালখান বাজারে  অফিস কর্মীকে হত্যার দায়ে বাবুর্চির যাবজ্জীবন দিল আদালত

সাম্পান ডেস্ক

নগরীতে খুলশী থানাধীন লালখান বাজারে একটি প্রতিষ্ঠানের একাউন্টস অফিসার এস এম মঈন উদ্দিন প্রকাশ তন্ময় নামে একজনকে হত্যায় দায়ের করা মামলায়  প্রতিষ্ঠানের বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ ড.বেগম জেবুন্ নেছার আদালত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নিহার রিছিল (৫১) শেরপুর জেলার নলিতা থানার মায়াখাসী গ্রামের খরিপ সাংমার ছেলে।

মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, ১২ জনের সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিহার রিছিল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ৩১ জানুয়ারি লালখান বাজারে হাইপিরিয়ন ভবনের ৩য় তলায় তিলোত্তমা গ্রুপের মেসে অফিসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে এস এম মঈন উদ্দিনকে ছুরিকাঘাত করে নিহার রিছিল। পরে মৃত্যু নিশ্চিত করতে হাতুড়ি দিয়ে মুখের ডান পাশে আঘাত করে।

খবর পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার গুরুতর আহত অবস্থায় মঈন উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত এস এম মঈন উদ্দিনের ছোট ভাই এস এম আমিন উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৯ জুন আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares