নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রচারের ঘটনায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জসীম উদ্দিন নামে আনোয়ারার এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন।
জসীম উদ্দিন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইগড়া এলাকার কবির আহম্মদের পুত্র।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী হাফেজ আব্দুল মান্নান একজন ফিশিং ব্যবসায়ী। তাকে জড়িয়ে গত বছরের ১২ মার্চ থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ান জসীম উদ্দিন। এ ঘটনায় একই বছরের ৩ এপ্রিল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী আব্দুল মান্নান।
মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে চলতি বছরের ৩ এপ্রিল প্রতিবেদন দাখিল করেন সিআইডির পরিদর্শক মোজাম্মেল হোসাইন।
এই বিষয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার পুনরায় জামিন আবেদন করেন আসামি জসীম উদ্দিন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
