বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জোরারগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

প্রকাশ: ২ আগস্ট ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ আপডেট: ২ আগস্ট ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ
জোরারগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

সাম্পান ডেস্ক 

জোরারগঞ্জ থানায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ অর্থদন্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এর আদালতে এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুড়া এলাকার সুনাম উদ্দিনেরর ছেলে মো.মিশু (২৩) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিমনগর থানার কুনদা বড়বাড়ীর মো.আলীর ছেলে মো.হৃদয় (২৫)।

আদালত সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ২০২০ সালের ২৭ অক্টোবর ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রতিবেশী মুরগী ধরার কথা বলে প্রতিবেশি মিশু তার ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় তার বন্ধু হৃদয়ও ঘরে ছিলো। পরে মোবাইলে গান শোনানোর কথা বলে পাশের কক্ষে ওই কিশোরীকে নিয়ে দু’জন মিলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকার শুনে ফুফু এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় কিশোরীর বাবা মো.আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তৎকালীন থানার পরির্দশক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী দু’জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এগারো জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম জানান, সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো.মিশু ও মো.হৃদয় নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares