নিজস্ব প্রতিবেদক
হাটহাজারীর উদালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে প্রবাসীর ঘরে ঢুকে হামলা এবং ব্যাপক লুটপাট করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের প্রবাসী শহিদুল্লাহ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।সন্তাসীরা প্রবাসী শহিদুল্লাহ ও তাঁর ছোট ভাই সৌদি প্রবাসী মহিব্বুল্লাহ’র ঘরে ব্যাপক ভাঙচুর চালায় ও আলমিরা ভেঙ্গে নগদ অর্থ ও জায়গা -জমির গুরুত্বপূর্ণ দলিল লুট করে নিয়ে যায়।
জানা যায়, প্রবাসী শহিদুল্লাহের সাথে তাঁর বড় ভাই মোহাম্মদ ইব্রাহিমের দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। একপর্যায়ে এ বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। চলতে থাকে মামলা।আর এই ঘটনার জের ধরে বড় ভাই ইব্রাহিমের নেতৃত্বে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
এদিকে এই ভাংচুর ও লুটপাটের ঘটনার পর প্রবাসী শহিদুল্লাহ চৌধুরী বড় ভাই ইব্রাহিমকে প্রধান অভিযুক্ত করে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এতে অভিযুক্তরা হলেন মোঃ ইব্রাহিম (৫৬), পিতা- মৃত আবুল কাশেম চৌধুরী,মোঃ ইকবাল হোসেন সাকিব (৩০), পিতা- মোঃ ইব্রাহিম, মোঃ রবিউল হোসেন (৩০)।এদের মধ্যে রবিউল হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে আসছিলো বলে অভিযোগ পাওয়া যায়।আর জায়গা জমির বিরোধের জের ধরে প্রধান অভিযুক্ত ইব্রাহিম ছোট ভাই প্রবাসী শহিদুল্লাহ চৌধুরীর সাথে বিভিন্ন ভাবে শত্রুতা মূলক আচরণ করে আসছিলেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শহীদুল্লাহ চৌধুরী বলেন, আমি পরিবার পরিজনসহ চট্টগ্রাম নগরের চকবাজারে বসবাস করি।আর গত ৫ জুলাই দিবাগত রাত অনুমানিক ২ থেকে ৪ টার মধ্যে হাটহাজারীর উদালিয়ায় অবস্থিত গ্রামের বাড়ি মাজেদা ম্যানশনে অভিযুক্ত ব্যক্তিরা আরও কিছু সন্ত্রাসী নিয়ে এসে কলাপসিবল গেইট এবং গেইট সংলগ্ন দরজা ও ঘরের দরজায় তালা ভেঙে প্রবেশ করে।
লিখিত অভিযোগে তিনি বলেন, সন্ত্রাসীরা আমার রুমের ভিতরে থাকা ষ্টিলের ও কাঠের আলমারিসহ মূল্যবান আসবাব পত্র ভাংচুর করে অনুমানিক ২ লাখ টাকার ক্ষতি সাধন করে।সন্ত্রাসীরা আলমিরায় রক্ষিত থাকা এক নম্বর বিবাদীর সাথে চলমান মামলার কাগজ পত্র ও জায়গা জমির দলিল খতিয়ানও লুট করে নিয়ে যায়।
এই বিষয়ে প্রবাসী শহিদুল্লাহর সাম্পান নিউজকে বলেন, আমার বড় ভাই ইব্রাহিম মামলায় হেরে যাওয়ার ভয়ে আমার বাড়িতে হামলা করেছে। আমার ঘর থেকে নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ দলিল লুট করেছে।আমি এখন জীবননাশের শঙ্কায় আছি।
তবে অভিযুক্ত ইব্রাহিম চৌধুরী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাকে ফাঁসানোর জন্য একটা নাটক সাজিয়েছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইশতিয়াক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদালিয়ায় প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ পেয়েছি।আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
