ফটিকছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে এই হামলায় ১০-১২ জন আহত হয়।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
জানা যায়,ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা বেলা সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসে।এসময় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা স্লোগান দিতে থাকে।একপর্যায়ে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এতে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, যুবদল নেতা মঈন উদ্দিন উজ্জ্বল, ইব্রাহিম বিজয়, ইঞ্জিনিয়ার ইলিয়াস, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, শাহেদুল আলম চৌধুরী, সেলিম উদ্দিনসহ ১০-১২ জন আহত হয়।
উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শামসুল আলম বলেন, আমরা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম।আমরা যাওয়ার পর থেকে ছাত্রলীগের ছেলেরা উশৃংখলা শুরু করে। একপর্যায়ে আমরা ফুল দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় পুলিশের সামনেই উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।এসময় আমাদের অনেকেই আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এই ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।
এই বিষয়ে ফটিকছড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসাইন বলেন, শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে বিএনপির সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের ঝামেলা হয়েছে।পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
