বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের কী কী সম্পত্তি রয়েছে তার হিসাব দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবারের (৬ জুন) মধ্যে সম্পত্তির হিসাব ঢাকায় পাঠানোর জন্য বলা হয়েছে। দুদকের এ নির্দেশনা পাওয়ার পর থেকে বেনজীরের সম্পত্তির খোঁজ নিতে মাঠে নেমেছেন প্রশাসনের কর্মকর্তারা।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন আগে দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে বেনজীর আহমেদের নামে কী সম্পত্তি রয়েছে তার খোঁজ দিতে একটি চিঠি দেয়। আগামীকাল বৃহস্পতিবারের (৬ জুন) মধ্যে সম্পত্তির হিসাব ঢাকায় পাঠানোর জন্য ওই চিঠিতে বলা হয়েছে।
সে অনুযায়ী জেলা প্রশাসনের ভূমি বিভাগ থেকে সব ধরনের কাগজপত্র তলব করা হয়েছে। তদন্তের পর বেনজীর আহমেদের কী কী সম্পত্তি রয়েছে তার হিসাব ঢাকায় পাঠানো হবে। সুয়ালকে সম্পত্তির খোঁজ পেলেও লামার সম্পত্তির বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে দ্রুত সব সম্পত্তির হিসাব দুদুকে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ের নামে বান্দরবান সদর উপজেলার ৩১৪ নম্বর সুয়ালক মৌজায় ৬১৪ নম্বর দাগের ৩ নম্বর সিটে ২৫ একর লিজের জমি ক্রয় করেন। এছাড়া ও লামা উপজেলার ডলুছড়ি মৌজায় ৫৫ একরসহ মোট ৮০ একর জায়গার খোঁজ পেয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই বেনজীরের সব সম্পত্তির হিসাব দিতে জেলা প্রশাসনকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক।
