বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ৯:১৪ অপরাহ্ণ আপডেট: ৩১ মে ২০২৪ | ৯:১৫ অপরাহ্ণ
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী

সাম্পান ডেস্ক 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীতে ‘নজরুল জয়ন্তী’ উদযাপন করেছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম। বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রামের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়।

নজরুল জয়ন্তীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মালেক মোস্তাকিম। আলোচনা সভায়  মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মালেক মোস্তাকিম বলেন,  কবি নজরুলের সৃস্টির প্রাচুর্যে বাংলা সাহিত্য শুধু সম্মৃদ্ধ হয় নি, পুরো জাতির মনে নতুন বোধের জন্ম হয়েছে। সাধারণ পরিবার থেকে নিয়ে স্বল্প শিক্ষা পাথেয় করে যুবক বয়সে লিখেছেন বিদ্রোহী কবিতা। বৃটিশ বিরোধী আন্দোলনের ভিত কাঁপানো সেই কবিতা অমর হয়ে আছে এখনও৷ মাত্র তেইশ বছরে পুরো বাংলা সাহিত্য দখলে নিয়েছিলেন কবি নজরুল। ‘

অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাঙ্গালি জাতি এমন একজন কবির সান্নিধ্য পেয়েছে যার কাব্যশৈলীতে বাঙালি জাতি শিখেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। কবি নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন একজন মানবিক সমাজ সংস্কারক ছিলেন।

উম্মে সালমা নিঝুমের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক,  কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা ওয়াহিদ জামান,  সাংবাদিক ফারুক তাহের, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

মুখ্য আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর আনোয়ার সাঈদ বলেন, সার্বজনীন কবি নজরুলকে জানার এবং বুঝার একটি প্রজন্ম প্রয়োজন। শুধু পাঠ্যক্রমের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখার কারণে দেশের শিশু কিশোররা নজরুলের বিস্তৃতি সম্পর্কে জেনেছে কম। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, অসংখ্য গানের রচয়িতাও। তিনি শুধু গীতিকার নন, অভিনেতাও। এমনকি একজন রাজনীতিবিদও ছিলেন তিনি। ভারতবর্ষ যখন ইংরেজদের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করছে তখন ১৯২১ সালে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়। সেই সময় অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক ভারতীয়কে কারাগারে বন্দি করা হয়। তখন কাজী নজরুল ইসলামকে বন্দি করা হয়। কবি নজরুল কখনো তিনি প্রেমিক, কখনো বিদ্রোহী আবার কখনো বাউণ্ডুলে। সাহিত্য ও সংগীতে এমনই তাঁর প্রকাশভঙ্গী। ‘

সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, আজীবন সংগ্রামী ও চিরস্বাধীনচেতা এক মহামানবের মহাকাব্যিক, মহাবীরের নাম কবি কাজী নজরুল ইসলাম। নজরুল সমগ্র বিশ্বের আপামর মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয়, বরণীয় হয়ে মহাকালের মহাবিস্ময় হিসেবে চিরভাস্মর হয়ে থাকবেন। ‘

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক নুরনবী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এর পরিচালক জেবুন নাহার শারমিন ও সহকারি আবৃত্তি প্রশিক্ষক স্নিগ্ধা বড়ুয়া, কারিশমা কবির ঐশীসহ অনেকে।পরে কবি নজরুল ইসলামের গান, ছড়া, কবিতা আবৃত্তিতে মঞ্চ মাতান একাডেমির শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares