নিজস্ব প্রতিবেদক
রাউজানের পাহাড়তলী ইউনিয়নে এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ রাহাত নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ( ৯ অক্টোবর) বিকেলে পাহাড়তলী বাজারের আল মক্কা মার্কেট এলাকা থেকে মোহাম্মদ রাহাত নামে এই যুবককে আটক করে রাউজান থানার পুলিশ।
আটক মোহাম্মদ রাহাত (১৯) স্থানীয় সেলিম উদ্দিনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে সোমবার সাড়ে ৩ টার দিকে পাহাড়তলী বাজারের অভিযান চালানো হয়।এসময় সেখানকার আল মক্কা মার্কেটের সবজি বাজারের আলম স্টোরের সামনে থেকে যুবক মোহাম্মদ রাহাতকে আটক করা হয়।পরে তার কাছ থেকে একটি দুনলা বিশিষ্ট দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।পরে আটক এই যুবককে অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্রের উৎস উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ফৌজদারি অপরাধের সাথে জড়িত শান্তি বিনষ্টকারী ও সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।
