বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

৫৭তম অবস্থানের স্কুল থেকে চট্টগ্রাম বোর্ডে মানবিকে তৃতীয়, বুশরার চমকপ্রদ সাফল্য

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ২:৩৭ অপরাহ্ণ আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ২:৩৭ অপরাহ্ণ
৫৭তম অবস্থানের স্কুল থেকে চট্টগ্রাম বোর্ডে মানবিকে তৃতীয়, বুশরার চমকপ্রদ সাফল্য

ফটিকছড়ি প্রতিনিধি

অপর্যাপ্ত সুযোগ-সুবিধা আর পিছিয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর থেকেও বড় সাফল্যের উদাহরণ গড়েছে ফটিকছড়ির এক ছাত্রী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা। তার প্রাপ্ত নম্বর ১১৮৯।

বুশরার এই ব্যতিক্রমী সাফল্য নিশ্চিত করেছেন ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

গুরুত্বপূর্ণ তথ্য হলো—ফটিকছড়ির ৫৮টি স্কুলের মধ্যে সার্বিক ফলাফলে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের অবস্থান ৫৭তম। এমন একটি পিছিয়ে থাকা প্রতিষ্ঠান থেকে উঠে এসে বোর্ড মেধাতালিকায় স্থান করে নেওয়া বিস্ময়কর হিসেবেই দেখছেন স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা।

ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা কাঞ্চননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও বিশিষ্ট শিক্ষক মৌলানা আনিছুর রহমানের কন্যা। মেয়ের এমন অসাধারণ অর্জনে গর্বিত তার পরিবার, শিক্ষকসহ পুরো এলাকা।

অসচ্ছল অবকাঠামো, সীমিত শিক্ষার পরিবেশ ও শহরের বাইরে থেকেও বুশরার এমন কৃতিত্ব প্রমাণ করে—পরিশ্রম, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে যেকোনো সীমাবদ্ধতা জয় করা সম্ভব।

এলাকাবাসী মনে করছেন, বুশরার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত নয়—এটি হয়ে থাকবে উপজেলার শিক্ষা বাস্তবতায় এক অনুপ্রেরণার নাম।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares