বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ
২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২২ বছর পর ভারতের বিপক্ষে বিজয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ ফুটবল। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক সুখবর পেল লাল-সবুজ। ফিফার প্রকাশিত সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০তম স্থানে—যা গত ৯ বছরের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থান।

বুধবার আন্তর্জাতিক ফুটবলের চলতি উইন্ডো শেষে র‍্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম স্থানে ছিল বাংলাদেশ। যদিও সেই বছরই দলটি ১৮৮তম স্থানে নেমে যায়।

এর আগের উইন্ডোতে নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র করা বাংলাদেশ শেষ মুহূর্তে জয় হাতছাড়া করেছিল। সেদিন পানেককা শটে দুর্দান্ত গোলের পর বাইসাইকেল কিকে জোড়া গোল করেছিলেন হামজা চৌধুরী। তবে জয় না পেলেও ম্যাচটি রেটিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছিল।

কিন্তু আসল মোড় ঘুরে যায় গত মঙ্গলবার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে ১২তম মিনিটে শেখ মোরসালিনের দারুণ গোলেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এই জয়ের সুবাদেই ১৭.১৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে কাবরেরার দলের ঝুলিতে। মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯—গত মাসে যা ছিল ৮৯৪.০৬।

বাংলাদেশের কাছে হেরে ভারত ছয় ধাপ অবনমন হয়েছে। ১৩৬ থেকে নেমে গেছে ১৪২-এ। নেপাল দুই ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে রয়েছে।

এদিকে শীর্ষ দশে এসেছে বড় পরিবর্তন। ক্রোয়েশিয়া তিন ধাপ এগিয়ে ঢুকেছে টপ-১০-এ, ইতালি নেমেছে ১২ নম্বরে। নবম স্থানে উঠেছে জার্মানি। অপরদিকে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডস (৭) এক ধাপ করে পিছিয়ে গেছে। সেই সুযোগে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে শীর্ষ চার অপরিবর্তিত—এক নম্বরে স্পেন, এরপর আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

ঐতিহাসিক এক জয় এবং র‍্যাঙ্কিংয়ে উত্থান—২০২৫ সালের শুরুটা তাই স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ ফুটবলকে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares